বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ
বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হল বাংলাদেশ যুবাদের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর হার দিয়ে শুরু করায় দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।
টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ।
৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা।
তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
সুপার সিক্সে উঠতে ২৩ জানুয়ারি হারারেতে সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারা চলবে না বাংলাদেশের।
দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১, যুক্তরাষ্ট্রেরও ১।
তবে বাংলাদেশ ওপরে আছে নেট রান রেটে এগিয়ে থাকায়।
বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যুক্তরাষ্ট্রের -৩.১৪৪।
দুই ম্যাচের দুটিই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের পয়েন্ট ২। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া ভারত উঠে গেছে সুপার সিক্সে।
প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে ৩টি করে দল।

