জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ বিশ্বকাপ বাছাইপর্বে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা।
টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ২০ ওভারে করে ৫ উইকেটে ১৫৯ রান। এরপর যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে থামিয়েছে নিগার সুলতানার দল।
ওপেনার দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে যখন আউট হন, দলের রান ছিল ৩ ওভারে ২৬।
তিন নম্বরে নামা শারমিন আক্তারও খেলেছেন ঝোড়ো ইনিংস। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন।
অধিনায়ক নিগার সুলতানা অবশ্য থিতু হতে পারেননি, ২ রানে আউট হয়েছেন।
শেষদিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ আর স্বর্ণা আক্তারের ১২ বলে ১৬ রানের ইনিংসে ১৫৯-এ পৌঁছায় বাংলাদেশের ইনিংস।

