আইপিএল পেছনে ফেলে মোস্তাফিজের নতুন ঠিকানা পিএসএল
বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের যে চাহিদা, সে হিসেবে আইপিএল থেকে বাদ পড়ার শোক নিয়ে অযথা সময় নষ্ট করার সময়টাই যে নেই কাটার মাষ্টারের! তাই তো ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার ঘটনাকে পেছনে ফেলে মোস্তাফিজ তার নতুন ঠিকানা হিসেবে পিএসএল কে বেছে নিয়েছেন।
সকল তিক্ত আলোচনার বেড়াজাল ছাপিয়ে নতুন ঠিকানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।
বিষয়টি পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে।
পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে,
‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’
পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর।
মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার, সেটি ২০১৮ সালে।
লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।
মোস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয়।
তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি।
এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের। টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি।
৩ জানুয়ারি, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়।
অথচ আইপিএল নিলামে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কেনে কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপি দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার।
আইপিএলে মোস্তাফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। তবে এই মৌসুমেই তার খেলা হচ্ছে না।

