শুরু থেকে ম্যাড়ম্যাড়ে থাকা নবাগত ফ্র্যাঞ্চাইজিটি এবার যেন ঘুরে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতার জানান দিচ্ছে। টানা ছয় ম্যাচে হারের পর টানা দ্বিতীয় জয়ও ঝুলিতে ভরে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস।
আজ রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ রানের দাপুটে জয় পেয়েছে হায়দার আলীর দল।
টেবিলের তলানিতে থাকা দুই দল নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালসের আজকের ম্যাচটি খুব একটা আকর্ষণীয় না হওয়াটা ছিল স্বাভাবিক।
তবে সবাইকে চমকে ম্যাড়ম্যাড়ে নোয়াখালীর ৪১ রানের জয় ছাপিয়ে আলোচনায় চলে এল অন্য এক গল্প।
ম্যাচ শুরুর আগে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ক্যাপ পরিয়ে দিলেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে আজ অভিষিক্ত এক ক্রিকেটারকে।
ক্রিকেটে অভিষেকে ক্যাপ দেওয়ার পুরোনো রীতি হলেও এই দৃশ্যটা ছিল আলাদা। কারণ, ৪১ বছর বয়সী নবী ক্যাপটা পরিয়ে দিয়েছেন তারই ১৯ বছরের ছেলে হাসান ইসাখিলকে।



