আজ সোমবার বিপিএল সিলেট পর্বের শেষ দিনে চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে–অফ নিশ্চিত করল রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি রাজশাহী, জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
সিলেট পর্বের শেষ ম্যাচে আজ ১৩২ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে পেরিয়েছে রাজশাহী।
আর এই জয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসকে নিয়ে প্লে–অফে উঠে গেছে রাজশাহী।
বাকি একটি স্থানের জন্য এখন রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেসের ত্রিমুখী লড়াই।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসে প্লে–অফ নিশ্চিত করল রাজশাহী। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।
৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া সিলেট নেট রান রেটে আছে তিনে। রংপুরের পয়েন্ট ৮ ম্যাচে ৮। ঢাকা ও নোয়াখালীর পয়েন্ট ৮ ম্যাচে ৪।
আজ টসে জিতে ব্যাটিংয়ে নিয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৪ রান তুলে ফেলেছিল ঢাকা ক্যাপিটালস।
সপ্তম ওভারে টানা দুই বলে আবদুল গাফফা সাকলাইন উসমান খান ও সাইফ হাসানকে ফেরানোর পর ধস নামে ঢাকার ইনিংসে।
২০তম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে রিপন মণ্ডল যখন ঢাকার ইনিংসে মুড়ে দিলেন স্কোর কার্ডে ১৩১ রান।
রান তাড়ায় ৪.২ ওভারে রাজশাহীর ওপেনিং জুটি তুলে ফেলে ৩৮ রান।
১৩ বলে ২২ রান করে মুহাম্মদ ওয়াসিম ও ১২ বলে ৫ রান করে অধিনায়ক নাজমুল হোসেন বিদায় নিলেও তানজিদ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে রাজশাহী।
৪৩ বলে ৭৬ রান করে তানজিদ আউট হয়েছেন ১৪তম ওভারের শেষ বলে দলকে ১১৫ রানে রেখে।
বাকি কাজটা সেরেছেন মুশফিকুর রহিম (১৯ বলে ১২) ও জিমি নিশাম (১০ বলে ১৪)।
সংক্ষিপ্ত স্কোর-
- ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৩১ (উসমান ৪১, নাসির ২৪; সাকলাইন ৪/২৪, রিপন ৩/৩০, রুবেল ২/২২)।
- রাজশাহী ওয়ারিয়র্স: ১৬.১ ওভারে ১৩২/৩ (তানজিদ ৭৬, ওয়াসিম ২২; নাসির ১/১২)।
- ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী।
- প্লেয়ার অব দ্য ম্যাচ: তানজিদ হাসান তামিম।

